জাঁকজমকপূর্ণ আয়োজনে আত্মপ্রকাশ করল এশিয়া পোস্ট
অনলাইন ডেস্ক:
ঢাকার তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান এশিয়া পোস্ট। সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, এশিয়া পোস্টের জন্মলগ্ন অত্যন্ত উৎসবমুখর ও আশাব্যঞ্জক। ডিজিটাল দুনিয়া সম্পর্কে প্রতিষ্ঠানটির সচেতনতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এশিয়া পোস্টের মাধ্যমে জাতি একটি দায়িত্বশীল ও আধুনিক গণমাধ্যমের প্রত্যাশা করতে পারে।
অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, সরকার সব অংশীজনের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে, যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে। এটি কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বরং সবার অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, অবাধ তথ্যপ্রবাহের এ যুগে যেমন আশীর্বাদ রয়েছে, তেমনি অপতথ্য প্রচারের ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি এশিয়া পোস্টসহ সব সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
পলাশ মাহমুদ বলেন, দেশে অনলাইন ও মাল্টিমিডিয়া নিবন্ধনের ব্যবস্থা থাকলেও এই খাতের কর্মীদের জন্য এখনো কার্যকর নীতিমালা গড়ে ওঠেনি। তিনি অনলাইন মিডিয়ার জন্য কর্মীবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান এবং এ ক্ষেত্রে অনলাইন এডিটরস অ্যালায়েন্স সরকারের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে হাসান শরীফ এশিয়া পোস্টের উত্তরোত্তর সফলতা কামনা করে অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এশিয়া পোস্ট কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, খোন্দকার আবু আশফাক ও শহিদুল ইসলাম বাবুল। জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান জিএম কাদের।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান মুহাম্মদ সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ ও সৈয়দ জয়নুল আবেদীন। এছাড়া এনসিপির পক্ষ থেকে আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার ও সারজিস আলম শুভেচ্ছা জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু-ও প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/12/2026 07:49:00 AM
Rating:

No comments: