বাঙালি মুসলমানের জীবন ও সংস্কৃতির সাহিত্যিক রূপকার হুমায়ূন আহমেদ
বাঙালি মুসলমানের জীবন ও সংস্কৃতির সাহিত্যিক রূপকার হুমায়ূন আহমেদ
হাসান মাহমুদ ইমন
আজ ১৩ নভেম্বর, ২০২৬ । বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী। জন্মদিন উপলক্ষে তাঁকে স্মরণ করতে গিয়ে তাঁর সাহিত্যিক জনপ্রিয়তা, কোনো বিখ্যাত গল্প-উপন্যাস, প্রিয় চরিত্র - নিয়ে গৎবাঁধা আলোচনার চেয়ে বরং তাঁর সাহিত্যের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করা যাক। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের অন্যতম আন্ডাররেটেড একটা অবদান হলো, তিনি বাঙালি মুসলমান সমাজের প্রাত্যহিক জীবনযাপন, ধর্মীয় সংস্কৃতি, বিশ্বাস ও উৎসবকে সাহিত্যের মর্যাদাপূর্ণ পরিসরে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের এই বৃহত্তর জনগোষ্ঠীর জীবনযাপনের যে অনুষঙ্গগুলো দীর্ঘদিন মূলধারার সাহিত্যে পর্যাপ্ত গুরুত্ব পায়নি, হুমায়ূন আহমেদ সেগুলোকে তাঁর কথাসাহিত্যের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিলেন।
মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র কিংবা একান্ত ধর্মপ্রাণ সাধারণ মানুষ—বাংলা সাহিত্যে এই চরিত্রগুলোর উপস্থিতি একেবারে শূণ্যের কোটায় ছিল। বিশ শতকে কলকাতাকেন্দ্রিক যে বাংলা কথাসাহিত্যের বিকাশ ও জনপ্রিয়তা, যার ভিত নির্মাণে বঙ্কিমচন্দ্র ও শরৎচন্দ্রের মতো সাহিত্যিকদের কলম ছিল, সেখানে বাঙালি মুসলমানের জীবনযাপন, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক অনুষঙ্গের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে সীমিত। পরবর্তী সময়ে কিছু প্রগতিশীল লেখকের সাহিত্যে মুসলমান চরিত্রের উপস্থিতি ঘটলেও, অনেক ক্ষেত্রেই তাঁদের উপস্থাপন করা হয়েছে পশ্চাৎপদতা, ধর্মীয় গোঁড়ামি কিংবা সামাজিক অগ্রগতির অন্তরায় হিসেবে। ফলে বাঙালি মুসলমানের দৈনন্দিন জীবন, বিশ্বাস, সংস্কৃতি ও মনস্তত্ত্ব বাংলা কথাসাহিত্যের মূলধারায় দীর্ঘদিন পর্যাপ্ত সাহিত্যিক মনোযোগ পায়নি। হুমায়ূন আহমেদ এই প্রচলিত সাহিত্যিক প্রবণতা থেকে অনেকটাই আলাদা ছিলেন। বরং প্রগতিশীল সাহিত্যিক দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি বাঙালি মুসলমানের ধর্মীয় বিশ্বাস, সংস্কার, জীবনযাপন ও সাংস্কৃতিক অনুষঙ্গকে কথাসাহিত্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি এই জায়গায় একটি নতুন সাহিত্যিক দৃষ্টিভঙ্গির সূচনা করেন। তাঁর কলমে বাঙালি মুসলমান আর কোনো পশ্চাৎপদ সামাজিক গোষ্ঠীর প্রতিনিধি হয়ে আটকে থাকে না বরং সে হয়ে ওঠে প্রেম, বিরহ, সংশয়, বিশ্বাস, সংকট ও পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলা এক পূর্ণাঙ্গ মানুষ।
মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা কথাসাহিত্যের একটি উল্লেখযোগ্য প্রবণতা লক্ষ করলে দেখেবেন, অনেক ক্ষেত্রেই মাওলানা, মসজিদের ইমাম কিংবা ধর্মপ্রাণ মুসলমান চরিত্রদের মুক্তিযুদ্ধের বিপরীত অবস্থানে দাঁড় করানো হয়েছে। ফলে সাহিত্যের একটি অংশে ধর্মীয় পরিচয় যেন মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের সঙ্গে এক ধরনের অবধারিত সমীকরণ তৈরি করেছে। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এতটা একমাত্রিক নয়। এই প্রচলিত সাহিত্যিক বয়ানের বাইরে গিয়ে হুমায়ূন আহমেদ একটি ভিন্নতর বাস্তবতা তুলে ধরেছেন। তাঁর বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জোছনা ও জননীর গল্প' তে আমরা দেখি, মসজিদের একজন ইমাম সাহেবও দেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিতে পারেন, প্রয়োজনে জীবন উৎসর্গ করতে পারেন। একই ধারার গল্প দেখা যায় তাঁর '১৯৭১' উপন্যাস এবং 'শ্যামল ছায়া' নাটকেও। এসব রচনায় ধর্মীয় পরিচয়ে পরিচিত মাওলানা-রা দেশের সংকটকালে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন। তারা দ্ব্যর্থ কন্ঠে ঘোষণা দেন- "দেশপ্রেম ঈমানের অঙ্গ" । হুমায়ূন আহমেদের এই সাহিত্যিক অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের কাঠগড়ায় সামগ্রিকভাবে আলেমসমাজ কিংবা ধর্মপ্রাণ মুসলমানদের দাঁড় করাননি। বরং একটি জনগোষ্ঠীর রাজনৈতিক অবস্থানকে তার ধর্মীয় পরিচয়ের সঙ্গে একাকার করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে মানুষকে তার স্বতন্ত্র অবস্থান ও ভূমিকার ভিত্তিতে উপস্থাপন করেছেন। মুক্তিযুদ্ধের সঙ্গে ধর্মপ্রাণ মুসলমান ও আলেমসমাজের দেশপ্রেমিক অংশের এই সংযোগকে তিনি যে স্বাভাবিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে সাহিত্যে প্রতিষ্ঠা করেছেন, তা নিঃসন্দেহে তাঁর অন্যতম বড় সাহিত্যিক সাফল্য। তিনি ধর্মীয় বিশ্বাস ও দেশপ্রেমের মধ্যে একটি মানবিক সেতুবন্ধন তৈরি করেছেন। তাঁর এই দৃষ্টিভঙ্গি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও বিস্তৃত পরিসরে দেখতে এবং বাঙালি মুসলমানের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়কে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করে।
হুমায়ূন আহমেদের চরিত্রগুলো সাধারণত খুব সাধারণ মানুষ। তারা কথায় কথায় বিপ্লব করে না, বড় বড় মতাদর্শিক বক্তব্য দেয় না কিংবা নিজেদের বিশ্বাস প্রতিষ্ঠার জন্য অন্যের বিশ্বাসকে আঘাত করে না। তাদের জীবন আবর্তিত হয় পরিচিত সব আনন্দ-বেদনা, দ্বন্দ্ব, সম্পর্ক ও দৈনন্দিন অভিজ্ঞতাকে কেন্দ্র করে। ফলে তাঁর উপন্যাসে আমরা কখনো একজন মাওলানাকে সমাজের সবচেয়ে দুর্বৃত্ত হিসেবে পরিচিত কোনো মানুষের সঙ্গে বসে দাবা খেলতে দেখি। আপাতদৃষ্টিতে দৃশ্যটি অস্বাভাবিক মনে হলেও হুমায়ূনের নির্মিত জগতে এটি খুবই স্বাভাবিক। কারণ, তিনি মানুষকে কেবল তার সামাজিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা নৈতিক অবস্থান দিয়ে বিচার করেননি; মানুষ হিসেবে তার বহুমাত্রিক উপস্থিতিকে গুরুত্ব দিয়েছেন। বাংলা কথাসাহিত্যে এই মানবিক দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার।
হুমায়ূন আহমেদের সাহিত্যের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো, তাঁর চরিত্রদের মধ্যে বিশ্বাস ও অবিশ্বাস, ধর্মীয় অনুশীলন ও সাংস্কৃতিক অনুরাগের চমৎকার সহাবস্থান। দেখা গেছে একই পরিবারের একজন হয়তো নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, অন্যজন গুনগুনিয়ে বাউল গান গাচ্ছেন। একই বাড়িতে কেউ দীর্ঘ সময় জায়নামাজে বসে সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করেন, আবার কেউ মনের আনন্দে বাঁশি বাজান। কেউ ধর্মীয় বিশ্বাসের প্রতি গভীরভাবে অনুগত, কেউবা যুক্তি ও প্রশ্নের মধ্য দিয়ে পৃথিবীকে বুঝতে চান। অথচ তাঁদের পারিবারিক সম্পর্কের মধ্যে এই ভিন্নতা অনিবার্য কোনো বিদ্বেষ কিংবা বিভাজন তৈরি করে না। তাঁরা মা-ছেলে, ভাই-বোন কিংবা পরিবারের অন্য কোনো সদস্য হিসেবে পরস্পরের জীবনে থেকে যান। এই সহাবস্থানের সৌন্দর্যই হুমায়ূন আহমেদের মানবিক সমাজদর্শনের অন্যতম ভিত্তি। তিনি যেন এমন একটি সমাজ কল্পনা করেছেন, যেখানে মানুষের বিশ্বাসের ভিন্নতা তার পারস্পরিক সম্পর্কের অন্তরায় হবে না। যেখানে ধর্মপ্রাণ মানুষ বাউল গান কিংবা রবীন্দ্রসংগীতের প্রতি বিরূপ না হয়েও নিজের ধর্মীয় বিশ্বাসে অবিচল থাকতে পারবেন। আবার একজন সংশয়বাদী কিংবা যুক্তিবাদী মানুষও ধর্মবিশ্বাসী পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারবেন। অর্থাৎ, ভিন্নমতকে নির্মূল করা নয়, বরং ভিন্নমত নিয়েই পাশাপাশি বসবাস করার সামাজিক সৌন্দর্য তাঁর সাহিত্যে বারবার ফিরে এসেছে।
এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। হুমায়ূন আহমেদ প্রগতিশীল চিন্তার বিরোধী ছিলেন—এমন অকাট্য দাবি আমি করছি না। তবে তাঁর সাহিত্যপাঠে বাঙালি মুসলমানের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি এক ধরনের স্বাভাবিক মমত্ববোধ লক্ষ করা যায়। তিনি ধর্মপ্রাণ মানুষকে সাহিত্যের প্রান্তিক চরিত্র করে রাখেননি। তাঁদের বিশ্বাস, আবেগ, আনন্দ, দুঃখ ও জীবনযাপনকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তাঁদের পাশে জায়গা করে দিয়েছেন বাউল, শিল্পী, সংশয়বাদী, যুক্তিবাদী ও সংস্কৃতিমনা মানুষদের। ফলে তাঁর কল্পিত সমাজে কোনো একটি মতাদর্শ বা জীবনদর্শন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে না। বরং বহুত্ববাদ, সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সেখানে গুরুত্ব পায়। হুমায়ূন আহমেদের চরিত্র নির্মাণের মুন্সিয়ানাও এই জায়গায়। তিনি তাঁর চরিত্রগুলোকে এমন মানবিক মমতা দিয়ে নির্মাণ করেন যে, উপন্যাসের গানের দলের সদস্যদের যেমন আমাদের ভালো লাগে, তেমনি গান-বাজনা পছন্দ করেন না এমন একজন মাওলানার প্রতিও আমাদের মমতা তৈরি হয়। যুক্তি ও বিশ্লেষণের মধ্য দিয়ে পৃথিবীকে বুঝতে চাওয়া মিসির আলী যেমন পাঠকের প্রিয় হয়ে ওঠেন, তেমনি অন্ধবিশ্বাসী, সহজ-সরল রহিমার মা কিংবা গ্রামের কোনো বয়োবৃদ্ধ মুসল্লিও আমাদের আপনজন হয়ে ওঠেন। তাঁদের প্রত্যেকের বিশ্বাস ও জীবনদর্শন আলাদা, কিন্তু লেখকের মানবিক উপস্থাপনা কাউকেই অপ্রয়োজনীয় করে তোলে না। এই কারণেই হুমায়ূন আহমেদের উপন্যাস পাঠ শেষ হওয়ার বহুদিন পরেও তাঁর চরিত্রগুলো আমাদের স্মৃতিতে জীবন্ত থাকে। স্থানীয় স্কুলের একজন হেডমাস্টার, চমৎকার কোনো মামা, বিত্তশালী কোনো খালা কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী—তাঁদের অনেককেই আমরা ভুলতে পারি না। কারণ, তাঁরা নিছক গল্পের প্রয়োজনে তৈরি কিছু চরিত্র নন; তাঁদের প্রত্যেকের মধ্যে আমাদের পরিচিত সমাজের মানুষ, সম্পর্ক ও জীবনবোধের প্রতিফলন রয়েছে। তাঁদের ছোট ছোট মানবিক আচরণ, ভিন্নমতের প্রতি সহনশীলতা এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়।
হুমায়ূন আহমেদের সাহিত্য নিয়ে সমালোচনার যথেষ্ট অবকাশ রয়েছে। কেউ তাঁকে সস্তা বা বাজারি লেখক বলতে পারেন, তাঁর সাহিত্যিক সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করতে পারেন। জনপ্রিয় সাহিত্য ও শিল্পমানের প্রশ্নে বিতর্ক থাকতেই পারে। কিন্তু তাঁর সাহিত্যে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন, বিশেষত বাঙালি মুসলমানের ধর্মীয়-সাংস্কৃতিক বাস্তবতার যে স্বতঃস্ফূর্ত ও মানবিক উপস্থাপন ঘটেছে, তা অস্বীকার করার সুযোগ নেই। একই সঙ্গে ভিন্ন বিশ্বাস ও জীবনদর্শনের মানুষকে পরস্পরের প্রতিপক্ষ না বানিয়ে একটি অভিন্ন সামাজিক পরিসরে নিয়ে আসার যে প্রচেষ্টা তাঁর সাহিত্যে লক্ষ করা যায়, সেটিও বিশেষভাবে মূল্যায়নের দাবি রাখে। আমার কাছে হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় কৃতিত্ব সম্ভবত এখানেই। তিনি আমাদের এমন এক সমাজের কথা মনে করিয়ে দিয়েছেন, যেখানে একজন মাওলানা ও একজন বাউল, একজন সংশয়বাদী ও একজন বিশ্বাসী, একজন যুক্তিবাদী ও একজন সরল ধর্মপ্রাণ মানুষ একই ছাদের নিচে বসবাস করতে পারেন। তাঁদের চিন্তায় অমিল থাকবে, জীবনযাপনে পার্থক্য থাকবে, কিন্তু সেই পার্থক্য তাঁদের পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাকে নষ্ট করবে না। একটি বহুত্ববাদী ও মানবিক সমাজের জন্য এর চেয়ে জরুরি শিক্ষা আর কী হতে পারে! হুমায়ূন আহমেদ হয়তো তাত্ত্বিক ভাষায় সমাজদর্শন নির্মাণ করেননি। কিন্তু তাঁর গল্প, উপন্যাস ও চরিত্রের মধ্য দিয়ে এমন একটি মানবিক সমাজের ছবি এঁকেছেন, যেখানে মতাদর্শের চেয়ে মানুষ বড়, বিভাজনের চেয়ে সম্পর্ক বড় এবং অসহিষ্ণুতার চেয়ে সহাবস্থান অধিক মূল্যবান।
শুভ জন্মদিন, প্রিয় লেখক। আপনার সৃষ্টির মধ্য দিয়ে যে মানবিক, সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজের স্বপ্ন আমরা দেখতে শিখেছি, সেই স্বপ্ন আজও প্রাসঙ্গিক। আজকের দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
লেখক : হাসান মাহমুদ ইমন

কোন মন্তব্য নেই: