দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে বাতির মিয়া (৪০) নামে দুই সন্তানের জনক এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
রবিবার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাতির মিয়া ওই গ্রামের হুরমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাতির মিয়া ও তার স্ত্রী রুবিনা আক্তারের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান, রুবিনা আক্তার দৌড়ে গিয়ে তার মাকে নিয়ে আসছেন। এ সময় বাতির মিয়ার বসতঘর তালাবদ্ধ ছিল বলে জানান স্থানীয়রা। পরে বাতির মিয়াকে অচেতন অবস্থায় স্ত্রী ও শাশুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ নিহতের বাড়ি পরিদর্শন করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, পারিবারিক কলহের জেরে এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/03/2026 07:46:00 PM
Rating:

No comments: