দোয়ারাবাজারে দুই দায়িত্বশীল স্বাস্থ্য কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
একজন মানবিক, মহৎপ্রাণ ও পরোপকারী চিকিৎসক হিসেবে সুপরিচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খান-এর বদলিজনিত বিদায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো. নুরুল ইসলাম-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার অফিসার্স ক্লাব, দোয়ারাবাজার-এর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের সহকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের সাফল্য, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, ডা. মো. আবু সালেহীন খান একজন হৃদয়বান চিকিৎসক হিসেবে দোয়ারাবাজার উপজেলার মানুষের চিকিৎসাসেবায় নিরলসভাবে কাজ করেছেন। অন্যদিকে জনাব মো. নুরুল ইসলাম তাঁর দীর্ঘ কর্মজীবনে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই তাঁদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
দোয়ারাবাজার উপজেলায় জনসেবা নিশ্চিত করতে এই দুইজন দায়িত্বশীল কর্মকর্তার অবদান উপজেলাবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, প্রকল্প কর্মকর্তা লুৎফুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Reviewed by প্রান্তিক জনপদ
on
4/23/2026 08:50:00 PM
Rating:


No comments: