অনলাইন ডেস্ক:
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সিলেট বিভাগের ১০ উপজেলাসহ দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এ কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ৫ হাজার ৪৫২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ কর্মসূচিতে দেশের ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। সপ্তাহে পাঁচ দিনে একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় হচ্ছে ১৮৯ টাকা ৬০ পয়সা। সে হিসাবে দৈনিক গড় ব্যয় ৩৭ টাকা ৯২ পয়সা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছর মেয়াদে এ কর্মসূচি চলবে।
সূত্রে জানা যায়, সিলেট বিভাগের সিলেট জেলার গোলাপগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গল, হবিগঞ্জের বাহুবল এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা ও শান্তিগঞ্জ উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যপত্র অনুযায়ী, শিক্ষার্থীদের বয়স, দৈনিক পুষ্টির চাহিদা, স্থানীয়ভাবে খাদ্যের প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনায় খাবারের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি দুধ, বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও স্থানীয় মৌসুমি ফল।
সপ্তাহের রবিবার বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার বনরুটি ও সিদ্ধ ডিম, বুধবার ফর্টিফাইড বিস্কুটের সঙ্গে কলা বা স্থানীয় মৌসুমি ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হবে।
উল্লেখ্য, ২০০১ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে প্রথম স্কুল ফিডিং কর্মসূচির সূচনা হয়, যা ২০১০ সাল পর্যন্ত চলে। পরবর্তী সময়ে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত দারিদ্র্যপীড়িত এলাকায় পৃথক একটি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের উচ্চমানসম্পন্ন বিস্কুট সরবরাহ করা হতো।
নতুন এ কর্মসূচিতে আগের তুলনায় বৈচিত্র্যময় ও পুষ্টিনির্ভর খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এ উদ্যোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন