সংবাদ শিরোনাম

recent

গোবিন্দগঞ্জ কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা



গোবিন্দগঞ্জ কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) গোবিন্দগঞ্জ এলাকার বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব আবুল লেইছ মো. আব্দুল কাহহারের বাসভবনে এ উপলক্ষে আপস-মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলার সাবেক আমীর ও সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদল ও ছাত্রশিবিরের উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুল, জেলা কমিটির সদস্য নজরুল হক, এনামুল হক, ছাদিকুর রহমান, সামসুল হক মেম্বার, দিল হোসেন মেম্বারসহ ছাত্রদল ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, সাবেক আমীর মাওলানা মখছুছুর রহমান, অ্যাডভোকেট সুফি আলম সোহেল, উপজেলা সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেন, আব্দুল হাই আজাদ, সৈদেরগাঁও ইউপি সদস্য হোসাইন আহমদ লনি, মাওলানা ফিরুজ আহমদ, ডা. মুজিবুর রহমান, আব্দুল আউয়াল, মাওলানা সালাহ উদ্দিন, আব্দুল ওয়াদুদসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

বৈঠকে উভয় ছাত্র সংগঠনের কলেজ নেতৃবৃন্দ গত ২৪ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ও আচরণের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় অভিভাবক সংগঠনের নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাস ও গোবিন্দগঞ্জ এলাকায় রাজনৈতিক সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে; তবে এর পাশাপাশি সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক সহমত এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশও নিশ্চিত থাকা প্রয়োজন। মতের ভিন্নতা যেন কোনোভাবেই বিরোধ বা সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে কলেজ ক্যাম্পাস ও গোবিন্দগঞ্জ এলাকায় রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১০ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়।

বৈঠক থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়—পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে শহীদ সালামের স্মৃতিবিজড়িত গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ক্যাম্পাস। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ সহাবস্থান, শিক্ষার পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কলেজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

গোবিন্দগঞ্জ কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা Reviewed by প্রান্তিক জনপদ on 10/03/2026 03:44:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.