প্রধান শিক্ষক হেনস্তা: চারজনের বিরুদ্ধে অভিযোগ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুল ইসলামকে হেনস্তা করার অভিযোগে শহিদ আলীসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধান শিক্ষক মাওলানা শামসুল ইসলাম নিজে বাদী হয়ে দোয়ারাবাজার থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার। তিনি জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ সেপ্টেম্বর পলিরচর নিবাসী বিদ্যালয়ের দাতা সদস্য মাওলানা কামরুল ইসলামের ভাতিজা শহিদ আলীর প্রধান শিক্ষক মাওলানা শামসুল ইসলামের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরপরই ৪ নম্বর ওয়ার্ড (পলিরচর)-এর বর্তমান ইউপি সদস্য ছমির আলী স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিষয়টি নিষ্পত্তির করে দেন বলে জানা গেছে। তবে প্রধান শিক্ষক শামসুল ইসলাম বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে স্বীকার করেননি।
অভিযোগ দায়েরের পর অভিযুক্তদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এদিকে ঘটনার নিন্দা জানিয়ে দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এমকেএম মহিবুর রহমান কয়েছ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
10/01/2026 11:56:00 PM
Rating:

No comments: