নজরুল বর্ষে দারুল হেরা আলিম মাদ্রাসার অনন্য সাফল্য
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মঙ্গলপুর। মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ১১টি ইভেন্টে অংশ নিয়ে ১ম পুরস্কারসহ মোট ১১টি পুরস্কার অর্জন করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ গণমিলনায়তনে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
এর আগে একই স্থানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা প্রচার না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।
এ সময় বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েস এবং বোগলা রুসমত আলী রাম সুন্দর স্কুল ও কলেজের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি সাহাব উদ্দিন সিহাব, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মঙ্গলপুরের শিক্ষার্থীরা ১১টি ইভেন্টে ১ম পুরস্কারসহ মোট ১১টি পুরস্কার অর্জন করে। মাদ্রাসাটির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/29/2026 10:25:00 AM
Rating:





No comments: