তাহিরপুরে তিন সন্তানকে বিষপানের পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
অনলাইন ডেস্কনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে ওই বাবা তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
এদিকে ওই বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম-পরিচয় ও বয়স জানা যায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, ভোরে খবর পেয়ে পুলিশ বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর মরদেহ দেখতে পায়। গুরুতর অসুস্থ বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন। নিহতদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সূত্র সুনামগঞ্জের খবর
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/19/2026 08:37:00 AM
Rating:

No comments: