দোয়ারাবাজারে মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— “দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য।”
দুর্নীতি প্রতিরোধ কমিটি, দোয়ারাবাজারের সভাপতি কাজী সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌছুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদুর রহমান ফরাস এবং ধর্মীয় শিক্ষক মাওলানা নজরুল ইসলাম। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তরুণ বিতার্কিকদের উপস্থাপনশৈলী, তথ্যভিত্তিক বক্তব্য ও বস্তুনিষ্ঠ যুক্তির প্রশংসা করেন। তারা বলেন, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের নির্দেশনায় এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, দোয়ারাবাজার, সুনামগঞ্জের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ, যৌক্তিক চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণবন্ত বিতর্ক, তথ্যনির্ভর উপস্থাপনা ও সাবলীল বক্তব্যের মাধ্যমে নিজেদের মেধা, যুক্তিবোধ ও বাগ্মিতার পরিচয় দেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— হাজী নূর উল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ, সোনাপুর মডেল হাইস্কুল, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মঙ্গলপুর।
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/04/2026 12:17:00 AM
Rating:



No comments: