সংবাদ শিরোনাম

recent

গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী


জনপদ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল ছাতক–দোয়ারা গড়তে বদ্ধপরিকর।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুস সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা হবে। কোনো ধরনের লুটতরাজ কিংবা সাধারণ মানুষের অধিকার ও সম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক অগ্রগতির জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রাধিকারভিত্তিতে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় এই আসনের জনগণ সঠিক নেতৃত্ব পায়নি। এর সুযোগে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ লুটপাট করেছে। ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সম্পদের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
সুনামগঞ্জ–৫ আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম এবং ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। সংসদ সদস্য পদপ্রার্থী এসব প্রশ্নের জবাব দেন এবং রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় ইসলামী আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আবদুল আওয়াল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী Reviewed by প্রান্তিক জনপদ on 1/05/2026 04:14:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.