সুনামগঞ্জে ৭০ বছরের মাকে হত্যার অভিযোগ, ছেলেকে আটক করেছে পুলিশ
অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে রেজিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে নুরু আলমের (৪৫) বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত রেজিয়া খাতুন কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত হাসান উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার খবর মুঠোফোনে পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিকভাবে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জোহাব আলীকে ঘটনাস্থলে পাঠান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক তথ্যানুযায়ী, নিহতের টিনের বসতঘরের মেঝেতে তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর গলার পেছনে ধারালো দা দিয়ে কোপানোর জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কোন মন্তব্য নেই: