সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজন আটক, গণপিটুনি—চোখে চুন দেওয়ার অভিযোগ


দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজন আটক, গণপিটুনিতে আহত

চোখে চুন দেওয়ার অভিযোগ, উন্নত চিকিৎসায় সিলেটে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গোয়ালঘর থেকে দুইটি গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় আটক ব্যক্তিদের চোখে চুন দেওয়ারও অভিযোগ উঠেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের (৪২) গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি হয়। বিষয়টি টের পেয়ে তিনি স্বজন ও স্থানীয়দের নিয়ে গরু দুটির সন্ধানে বের হন।

ভোর সাড়ে ৪টার দিকে পার্শ্ববর্তী বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া জামে মসজিদের সামনে সোনাই মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে দুইটি গরুসহ দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে মসজিদের মুসল্লি ও স্থানীয়রা তাকে আটক করেন। আটক সোনাই মিয়া ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের সেরগুল মিয়ার ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনাই মিয়া দাবি করেন, বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামের হাছান আলীর ছেলে আবু বক্কর (৪০) এবং পূর্ব গিলাতলী গ্রামের মফিজ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩০) তার সঙ্গে চুরির ঘটনায় জড়িত ছিলেন। পরে স্থানীয়রা অভিযান চালিয়ে তাদেরও আটক করে মসজিদের সামনে নিয়ে আসেন।


এ সময় উত্তেজিত জনতা তিনজনকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তাদের চোখে চুন দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, শালিস বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘটনা ঘটানো হয়। এছাড়া আবু বক্কর নামে এক ব্যক্তির পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে।

খবর পেয়ে গরুর মালিক আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে দুইটি গরু তার বলে শনাক্ত করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে। প্রথমে তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরুসহ তিনজনকে আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, গরুর মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

তথ্যসূত্র: সুনামগঞ্জের খবর

দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজন আটক, গণপিটুনি—চোখে চুন দেওয়ার অভিযোগ Reviewed by প্রান্তিক জনপদ on 9/11/2026 08:29:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.