সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন ড. মাসুদ এমপি
অনলাইন ডেস্ক :
সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের বেতন-ভাতা দান করে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, তার নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য আজই তার নিজের সংসদ সদস্য হিসেবে পাওয়া এক মাসের বেতন-ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের বসতবাড়ি পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে, ইনশাআল্লাহ।
এ বিষয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনী ও ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিবন্ধী তিন ভাইয়ের মানবেতর জীবনের বিষয়টি তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাৎক্ষণিকভাবে নিজের এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ তাদের পরিবারের জন্য প্রদান করা হয়। পাশাপাশি তাদের বসতবাড়ি পুনর্নির্মাণ ও নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ নাগরিকের সব মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করার বিধান থাকলেও স্বাধীনতার ৫৫ বছর পরও অনেক ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়নি। তার মতে, স্বাধীন দেশে এখনো জাতীয়তাবাদের নামে ব্রিটিশ ও পাকিস্তানি আইনের ধারাবাহিকতা চলছে। মানুষের তৈরি আইন সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে না; বরং যারা আইন প্রণয়ন করে, তারা বা ক্ষমতাসীনেরাই বেশি সুবিধা পায়।
তিনি আরো বলেন, সরকার নিজের সুবিধার জন্যই আইন তৈরি করে, সংবিধান সংশোধন করে। সংবিধান সংস্কার কোনো সরকারই করেনি। বিএনপি নির্বাচনের আগে দলীয় ৩১ দফায় সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু বিএনপি সরকার গঠন করে বলছে সংবিধান সংস্কার করা যায় না, সংশোধন করতে হবে! বিএনপির এমন দ্বিচারিতা সরাসরি জাতির সঙ্গে প্রতারণা।
জনগণের সঙ্গে প্রতারণা আর ধোঁকাবাজি না করে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
ড. মাসুদ এমপি বলেন, ইসলামি সমাজ বিনির্মাণ হলে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক শতভাগ নিশ্চিত হবে। তাই সমাজের প্রতিটি মানুষকে নিজের অবস্থান থেকে ইসলামি সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/04/2026 03:59:00 PM
Rating:

No comments: