সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল— ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। সাধারণ মানুষ যাতে সহজে, দ্রুত এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে পারে, সে লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম. এ. মোতালিব ভুইয়া এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুন মুন্সি।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, প্রচলিত আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়ার তুলনায় গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি সহজ, দ্রুত ও কার্যকর মাধ্যম। এর মাধ্যমে একদিকে যেমন সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়, অন্যদিকে সামাজিক শান্তি ও সম্প্রীতিও বজায় থাকে।

তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যাপক প্রচার-প্রচারণা চালানো গেলে সাধারণ মানুষ এ সেবার সুফল আরও বেশি ভোগ করতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করতে নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় আরও সহজলভ্য হবে এবং এটি স্থানীয় পর্যায়ে বিরোধ কমিয়ে টেকসই সামাজিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মশালায় আশাবাদ ব্যক্ত করা হয়।

দোয়ারাবাজারে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 6/14/2026 11:11:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.