গণভোটে 'হ্যাঁ'-না' ভোট প্রদানে আমার কোন আপত্তি নেই :: দোয়ারাবাজারে ডিসি ইলিয়াস মিয়া
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—যে কোনো ভোট প্রদানে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, আমি ‘হ্যাঁ’ও বলব না, ‘না’ও বলব না—এটা ভোটারদের ব্যক্তি স্বাধীনতার বিষয়।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি ইলিয়াস মিয়া বলেন, ভোটার যদি মনে করেন ‘না’ ভোট দেওয়া ভালো, তাহলে ‘না’ দেবেন। আর ‘হ্যাঁ’ ভালো মনে করলে ‘হ্যাঁ’ দেবেন। এই অধিকার জনগণের—এটি তাদের ব্যক্তি স্বাধীনতা। তবে আমরা কিছু বিষয় জানাতে চাই, যাতে কেউ বলতে না পারে না জেনে ভোট দিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কিছু বিষয় রয়েছে, যা জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার রাষ্ট্রীয়ভাবে প্রচারণা চালালেও জেলা প্রশাসক হিসেবে তিনি এ বিষয়ে কেনো কোনো পক্ষ নেবেন না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আমি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের দায়িত্বে আছি। আমার অবস্থান ভিন্ন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারা সার্কেল) শেখ মো. মুরসালিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খাঁন।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজিজুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু।
এছাড়াও বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এম. এ. মোতালিব ভূইয়া। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন আলাদা ব্যালটে চারটি নির্দিষ্ট বিষয়ের ওপর ভোটারদের মতামত নেওয়া হবে। সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কি না—সে প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করবেন ভোটাররা।
গত কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারাদেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু হয়েছে। প্রথমদিকে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচারণা চালানো হলেও পরে সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার শুরু করে সরকার।
তবে জেলা প্রশাসকের ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় ভোট প্রদানে আপত্তি নেই—এমন বক্তব্যকে কেন্দ্র করে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার প্রেক্ষাপটে একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন বক্তব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
1/29/2026 12:08:00 AM
Rating:



No comments: