ছাতকে দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মানহানি মামল
সুনামগঞ্জের ছাতকে কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও কুৎসা রটানোর অভিযোগে আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক মো. ফজল উদ্দিন।
মামলায় অভিযুক্তরা হলেন ছাতক পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির এবং একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আবদুস সালাম।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মামলার বাদী ও দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি’র ছাতক প্রতিনিধি মো. ফজল উদ্দিন এবং দৈনিক সমকাল, উত্তরপূর্ব ও নিউএজ প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য সংবলিত পোস্ট দেন। এতে কোনো যাচাই-বাছাই বা অনুমতি ছাড়াই সাংবাদিকদের ছবি ব্যবহার করে সামাজিকভাবে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়।
মামলার বাদী সাংবাদিক ফজল উদ্দিন জানান, বিবাদীগণ আমাদের পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এর ফলে আমরা সামাজিকভাবে চরম অপমানিত বোধ করছি এবং আমাদের দীর্ঘদিনের অর্জিত পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
মামলার আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে প্রাথমিক শুনানি শেষে বিষয়টি তদন্তের জন্য ছাতক থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, সাংবাদিকদের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ অপপ্রচারের ঘটনায় ছাতকে কর্মরত সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন
Reviewed by প্রান্তিক জনপদ
on
1/11/2026 10:37:00 PM
Rating:

No comments: